দেশে বর্তমানে সরকারি চাকরিতে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োজিত রয়েছেন। তবে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে এখনো ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য পড়ে আছে। মঙ্গলবার জাতীয় সংসদে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী।
প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে সরকারি চাকরিতে মোট জনবল ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। এর বিপরীতে বিভিন্ন বিভাগে শূন্য পদের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৯২২টি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, সিনিয়র সচিব বা সচিবের অনুমোদিত ৬৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬৭ জন। অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে ৩৭৮ জন এবং যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি পদের বিপরীতে ৮৯৩ জন কর্মরত রয়েছেন। এছাড়া উপসচিবের ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে বর্তমানে ১ হাজার ৬৪৫ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে এই স্তরের ৩ হাজার ৭৯৮টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা কর্মরত আছেন।
সংসদে প্রতিমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী অনুমোদিত পদের বাইরে অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই।
দেশে সরকারি চাকরিতে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। বিপরীতে কর্মরত আছেন ১৪ লাখ ৬৪ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী। সংসদে এই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী।


0 Comments