দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্গত মানুষের উদ্ধার, জানমালের নিরাপত্তা এবং ত্রাণ কার্যক্রম জোরদারে ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (১০ জুলাই) সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ বিভিন্ন জেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অবস্থায় দুর্গতদের পাশে দাঁড়াতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সংশ্লিষ্ট ইউনিটগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে সাধারণ মানুষ ও গবাদি পশুকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহযোগিতা করা এবং প্রতিটি ইউনিটে উদ্ধারকারী দল প্রস্তুত রাখা। স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে পরামর্শ করে শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ওষুধসহ ত্রাণ কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে। এছাড়া আশ্রয়কেন্দ্রে যাওয়া পরিবারগুলোর ঘরবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করা এবং শিক্ষা উপকরণ দিয়ে শিক্ষার্থীদের সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। সব ক্ষেত্রে নারী, শিশু ও বয়োবৃদ্ধদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় ও ইউনিট পর্যায়ে মেডিকেল টিম গঠনের কথা উল্লেখ করা হয়েছে। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণ ও পুনর্বাসন কার্যক্রমেও নেতাকর্মীদের সক্রিয়ভাবে অংশ নিতে বলা হয়েছে। পুরো কার্যক্রমটি কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সরাসরি সমন্বয় করবেন এবং সব তথ্য কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্গতদের উদ্ধারে ১০ দফা নির্দেশনা দিয়েছে ছাত্রদল। ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


0 Comments