কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গোরস্থান কমিটিকে দাবিকৃত টাকা দিতে না পারায় নাসির উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার উপজেলার সদরপুর ইউনিয়নের আজমপুর গ্রামে এই অমানবিক ঘটনা ঘটে। মৃত নাসির উদ্দিন ওই গ্রামের মরহুম আমদ আলীর ছেলে এবং পেশায় একজন মৎস্যজীবী ছিলেন। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল হক আশা বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে জমিতে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান নাসির উদ্দিন। তার বড় মেয়ে নাসিমা খাতুন অভিযোগ করেন, স্থানীয় পুরাতন আজমপুর গোরস্থানে দাফনের জন্য যোগাযোগ করা হলে কমিটি উন্নয়ন কাজের নামে ৪০ থেকে ৪৫ হাজার টাকা দাবি করে। তাৎক্ষণিক কিছু টাকা এবং বাকিটা পরে দেওয়ার প্রস্তাব দিলেও কমিটি দাফনের অনুমতি দেয়নি। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং প্রায় সাড়ে নয় ঘণ্টা লাশ পড়ে থাকে। পরে ওয়ার্ড সদস্য আশরাফুল হক আশার হস্তক্ষেপে তার ব্যক্তিগত পারিবারিক গোরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়।
সদরপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির হাজ্বী আতিয়ার হোসেন বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে লাশ দাফনে বাধা দেওয়া ঠিক নয়। তবে টাকা দাবির অভিযোগ অস্বীকার করে পুরাতন আজিমপুর গোরস্থান কমিটির সভাপতি আবুল হোসেন জানান, নাসির উদ্দিন গোরস্থানের সদস্য ছিলেন না এবং জায়গার স্বল্পতা থাকায় সদস্যরা দাফনে রাজি হননি। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বিষয়টি তার জানা নেই তবে তিনি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন।
কুষ্টিয়ার মিরপুরে গোরস্থান কমিটিকে টাকা দিতে না পারায় এক বৃদ্ধের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘ সাড়ে নয় ঘণ্টা পর স্থানীয় এক নেতার ব্যক্তিগত গোরস্থানে দাফন সম্পন্ন হয়।


0 Comments