ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কুষ্টিয়ার দৌলতপুরে পীর হত্যা মামলার প্রধান আসামিসহ দুই নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

কুষ্টিয়ার দৌলতপুরে পীর হত্যা মামলার প্রধান আসামিসহ দুই নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

কুষ্টিয়ার দৌলতপুরে কোরআন অবমাননার অভিযোগে ‘পীর’ আব্দুর রহমান শামীম (৬৫) হত্যা মামলার প্রধান আসামিসহ দুই নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাজা আহম্মেদ এবং দৌলতপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আসাদুজ্জামান।

আদালত সূত্রে জানা গেছে, আসামিরা এর আগে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন তারা। তবে জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবির সরকার আবেদন নাকচ করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১১ এপ্রিল কোরআন অবমাননার অভিযোগ তুলে দৌলতপুর উপজেলার একটি দরবারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। ওই সময় দরবারে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা আব্দুর রহমান শামীমকে কক্ষ থেকে বের করে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার তিন দিন পর নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

ওসি খালেদুর রহমান জানান, এই চাঞ্চল্যকর হত্যা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংক্ষেপে:
কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যা মামলার প্রধান আসামিসহ দুই নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে তারা আত্মসমর্পণ করেছিলেন।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর হত্যা মামলার প্রধান আসামিসহ দুই নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

0 Comments