কক্সবাজারের উখিয়া সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৬০ হাজার পিস ইয়াবাসহ রাশেদুল (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৯ জুন বিকেলে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় ৫০০ গজ উত্তরে দক্ষিণ নলবুনিয়া এলাকায় অবস্থান নেয় বিজিবি। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে মিয়ানমার থেকে জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করা হলে তিনি পালানোর চেষ্টা করেন, তবে ধাওয়া করে তাকে আটক করা হয়। তল্লাশিকালে তার কোমরে এবং মাছের টুকরির ভেতরে বিশেষভাবে লুকানো খাকি রঙের প্যাকেট থেকে মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক রাশেদুল উখিয়ার বালুখালীর নলবুনিয়া গ্রামের মাহাবুব আলমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তিনি দেশে নিয়ে আসছিলেন। তিনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাছ ধরার সরঞ্জাম ব্যবহার করে মাদক পাচার করে আসছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী চক্র ও তাদের সহযোগীদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
উখিয়া সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৬০ হাজার পিস ইয়াবাসহ রাশেদুল নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। মাছের টুকরিতে লুকিয়ে এই বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছিল।


0 Comments