যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের মহোৎসবে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ইরান। তবে মাঠের লড়াই ছাপিয়ে স্টেডিয়ামের বাইরে ও ভেতরে প্রবাসী ইরানিদের রাজনৈতিক বিক্ষোভ ও ক্ষোভের চিত্র ফুটে উঠেছে। ইরান সরকারের দমনপীড়নের প্রতিবাদে কয়েকশ বিক্ষোভকারী স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বিক্ষোভকারীদের কেউ কেউ ইরান সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিশেষ পোশাক পরে আসেন, আবার অনেকের হাতে ছিল বিপ্লব-পূর্ববর্তী সিংহ ও সূর্যখচিত পুরোনো জাতীয় পতাকা। ফরহাদ জাফরগাদ নামের এক ফুটবল ভক্ত জানান, বর্তমান দলটি জনগণের প্রতিনিধিত্ব করছে না বলে তিনি প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে সমর্থন করার কথা ভাবছেন। তবে ভিন্ন মত পোষণ করেছেন ৫৭ বছর বয়সী মেহেদি জাফারি। তিনি রাজনীতি ভুলে নিজ দেশকে সমর্থনের আহ্বান জানিয়ে বলেন, তারা তাদের দেশ নিয়ে গর্বিত এবং জয়ের লক্ষ্যেই মাঠে এসেছেন।
এর আগে ফিফা রাজনৈতিক প্রতীক বা পোশাক নিষিদ্ধ করার বিষয়টি মনে করিয়ে দিলেও অনেক দর্শককে পুরোনো পতাকা নিয়ে গ্যালারিতে দেখা গেছে। গত জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে এই ম্যাচটি নিয়ে আগে থেকেই এক ধরনের অনিশ্চয়তা ও উত্তেজনা বিরাজ করছিল। শেষ পর্যন্ত সব বিতর্ক ও বিক্ষোভের মধ্যেই মঙ্গলবার সকালে লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে ইরান।
লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। স্টেডিয়ামের বাইরে সরকারবিরোধী বিক্ষোভ ও গ্যালারিতে রাজনৈতিক স্লোগানে বিভক্ত হয়ে পড়েছেন প্রবাসী ইরানি ফুটবল ভক্তরা।


0 Comments