রাজধানীর মোহাম্মদপুর থানার একটি মাদক মামলায় ৯ জন আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার দশম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় শোনার পর আদালতে উপস্থিত এক আসামির মামা হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ঢাকা মহানগর আদালতের হাজতখানার ইনচার্জ ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. রিপন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালতের বেঞ্চ সহকারী ফারুকুল ইসলাম দেওয়ান জানান, দণ্ডিত ৯ জনের মধ্যে মো. মিঠুন মিয়া রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে আসা মামা আইয়ুব আলী রায় শোনার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে নিকটস্থ ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলায় দণ্ডিত অন্য আসামিরা হলেন মো. মুরাদ, ছাবির, মো. রাজা, মো. মাসুম হোসেন, মো. বিল্লাল, মো. ওয়াহিদুল সনু এবং মো. জুম্মন মিয়া। তাঁরা বর্তমানে পলাতক থাকায় আদালত তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ২৬ মে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৫০টি ইয়াবাসহ নয়জনকে আটক করে র্যাব-২। ওই দিনই পুলিশ পরিদর্শক ইকরামুল হক চৌধুরী বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে উপপরিদর্শক সাজেদুল হক ২০১৮ সালের ২২ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন এবং ২০১৯ সালে বিচার প্রক্রিয়া শুরু হয়। চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় প্রদান করা হয়।
রাজধানীর মোহাম্মদপুরে মাদক মামলায় ৯ জনের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত এক আসামির মামা অসুস্থ হয়ে মারা গেছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।


0 Comments