দেশের একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খাইরুল ইসলামকে (সজীব) আটক করা হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে রোববার তাঁকে হেফাজতে নেয় পুলিশ। খাইরুল ইসলাম জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বরত ছিলেন।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে তাঁকে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়। পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি ক্ষমতায় আসার পর একটি বড় শিল্প গ্রুপের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন খাইরুল। দাবিকৃত অর্থ না পেয়ে তিনি পণ্যবাহী গাড়ি আটকে রাখেন বলে অভিযোগ রয়েছে। পরে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় পুলিশ ও শিল্পকারখানা সংশ্লিষ্টদের দাবি, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ ও কাঁচপুর এলাকার বিভিন্ন কারখানার মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিতেন খাইরুল। এছাড়া সংসদ সদস্য বাবার প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এদিকে আটকের পর খাইরুল ইসলামকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, খাইরুলের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগগুলো যাচাই-বাছাই করতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে জিজ্ঞাসাবাদের পর ডিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে।
শিল্পপ্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের ছেলে খাইরুল ইসলামকে আটক করেছে পুলিশ। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে।


0 Comments