ফরিদপুরের মধুখালীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে নেওয়ার কয়েক ঘণ্টা পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. ইশতিয়াক আহম্মেদ প্রান্তের মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত প্রান্ত মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার মৃত এস্কেন্দার হায়দারের ছেলে।
নিহতের চাচা ও সাবেক কাউন্সিলর মির্জা আবু জাফর জানান, রবিবার গভীর রাতে ডিবি পুলিশের একটি দল তাদের বাড়ি থেকে প্রান্তকে আটক করে নিয়ে যায়। সকালে তারা জানতে পারেন যে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এই খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে ছুটে যান।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে পশ্চিম গোন্দারদিয়া এলাকায় প্রান্তের বসতবাড়ির পাশে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ফরিদপুর ডিবি কার্যালয়ের হাজতে রাখা হয়েছিল। পুলিশের দাবি অনুযায়ী, হাজতে থাকা অবস্থায় প্রান্ত অসুস্থ বোধ করলে তাকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসহ আটক এক আসামি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানে তিনি মারা যান। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে নেওয়ার পাঁচ ঘণ্টার মাথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. ইশতিয়াক আহম্মেদ প্রান্তের মৃত্যু হয়েছে। অসুস্থতার কারণে হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে দাবি করছে পুলিশ।


0 Comments