Recents in Beach

ব্রেকিং নিউজ

ব্রেকিং ব্যাড খ্যাত মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো সৌদি আরবে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

ব্রেকিং ব্যাড খ্যাত মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো সৌদি আরবে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

জনপ্রিয় মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌদি আরবে একটি চলচ্চিত্রের চিত্রায়নের সময় এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে একটি মসজিদে নামাজও আদায় করেন। তুর্কি আল-শেখ এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করার পর থেকেই অভিনেতা এসপোসিতো নতুন করে আলোচনায় এসেছেন।

৬৭ বছর বয়সী এই অভিনেতার জন্ম ডেনমার্কের কোপেনহেগেনে। তাঁর বাবা ইতালীয় এবং মা আফ্রিকান-আমেরিকান অপেরা শিল্পী ছিলেন। শৈশবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো এসপোসিতো মাত্র আট বছর বয়সে ব্রডওয়েতে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। বিশ্বজুড়ে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে গাস ফ্রিঞ্জ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এছাড়া ‘বেটার কল সল’, ‘দ্য ম্যানডালোরিয়ান’ এবং ‘দ্য বয়েজ’-এর মতো জনপ্রিয় সিরিজেও তিনি কাজ করেছেন।

পারিবারিকভাবে ক্যাথলিক ধর্মাবলম্বী এসপোসিতো আগে থেকেই আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী ছিলেন। এমনকি একসময় তিনি পুরোহিত হওয়ার চিন্তাও করেছিলেন। সৌদি আরবের কর্মকর্তাদের মতে, সেখানে অবস্থানকালে মুসলিম সহকর্মীদের সঙ্গে কাজ করা এবং স্থানীয় সংস্কৃতি ও আতিথেয়তা তাঁর এই সিদ্ধান্তে বিশেষ প্রভাব ফেলেছে। আজকের সফল এই অভিনেতার অতীত ছিল বেশ সংগ্ৰামময়। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘ব্রেকিং ব্যাড’-এ সুযোগ পাওয়ার আগে তিনি চরম আর্থিক ও ব্যক্তিগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন।

সংক্ষেপে:
সৌদি আরবে সিনেমার শুটিংয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো। ব্রেকিং ব্যাড খ্যাত এই অভিনেতার নতুন এই যাত্রা নিয়ে এখন বিশ্বজুড়ে আলোচনা চলছে।
ব্রেকিং ব্যাড খ্যাত মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো সৌদি আরবে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

Post a Comment

0 Comments