রোহিঙ্গা রেসপন্স অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনারের (আরআরআরসি) অধীন উখিয়ার ক্যাম্প-০৪ ইনচার্জ কার্যালয়ের ইনফরমেশন সহকারী শাহাদাত হোসাইনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে, যৌতুক দাবি, স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং সরকারি অফিস কক্ষকে ব্যক্তিগত আবাস হিসেবে ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। আদালতের মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৬ নভেম্বর কক্সবাজার পৌরসভার দক্ষিণ বাহারছড়া এলাকার এক তরুণীকে বিয়ে করেন শাহাদাত হোসাইন। ভুক্তভোগী স্ত্রীর অভিযোগ, বিয়ের পর তাকে সংসারে না তুলে আসবাবপত্র কেনার অজুহাতে ৩ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করা হয়। যৌতুক না দিলে তাকে ঘরে তুলবেন না এবং অন্যত্র বিয়ে করবেন বলেও হুমকি দেওয়া হয়। এছাড়া বিয়ের পর থেকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে, উখিয়ার কর্মস্থলের অফিস কক্ষে বিছানা ও রান্নার সরঞ্জাম রেখে সেটিকে ব্যক্তিগত আবাস হিসেবে ব্যবহার করতেন শাহাদাত। সম্প্রতি তিনি ঈদগাঁও এলাকায় দ্বিতীয় বিয়ে করেছেন বলেও জানা গেছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে শাহাদাত হোসাইন দ্বিতীয় বিয়ের বিষয়টি স্বীকার করেন এবং প্রথম স্ত্রীর সঙ্গে তালাকের প্রক্রিয়া চলমান বলে দাবি করেন। তবে যৌতুক ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, মোটরসাইকেল বিকল হওয়ায় কয়েকবার অফিসে রাতযাপন করেছিলেন, কিন্তু সেখানে স্থায়ীভাবে বসবাস করেন না। ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তারা বিষয়টি নিয়ে ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।
উখিয়ার ক্যাম্প-০৪ ইনচার্জ কার্যালয়ের তথ্য সহকারী শাহাদাত হোসাইনের বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ উঠেছে। সরকারি অফিসকে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।


0 Comments