স্বাধীনতার আড়াইশ বছর পূর্তির ঐতিহাসিক মাইলফলকের সামনে দাঁড়িয়ে নিজেদের ভবিষ্যৎ নিয়ে গভীর সংশয়ে রয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক যৌথ জরিপে দেখা গেছে, ৩৮ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন আগামী ২৫০ বছর পর যুক্তরাষ্ট্র একক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে না। তবে ৬২ শতাংশ উত্তরদাতা এখনো বিশ্বাস করেন যে, আড়াইশ বছর পরও দেশটি অখণ্ড থাকবে।
গত সোমবার শেষ হওয়া চার দিনব্যাপী এই অনলাইন জরিপে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তের ১ হাজার ৫৩৭ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। জরিপের ফলাফলে দেখা যায়, ডেমোক্রেটিক পার্টির ৪০ শতাংশ এবং রিপাবলিকান পার্টির ২৬ শতাংশ সমর্থক দেশের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিয়ে সন্দিহান। এমন এক সময়ে এই তথ্য সামনে এলো যখন আগামী ৪ জুলাই স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছে দেশটি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যাপন অনুষ্ঠানে নিজেকে কেন্দ্রীয় ভূমিকায় রাখতে চাইছেন। তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের অনুষ্ঠানটি তাঁর দল রিপাবলিকান পার্টির রাজনৈতিক সমাবেশ হিসেবেও কাজ করবে। ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে, বিরোধী ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে ডেমোক্র্যাট নেতাদের অভিযোগ, ডোনাল্ড ট্রাম্প নিজেই মার্কিন গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি।
জরিপে অংশ নেওয়া প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ মনে করেন, মার্কিন গণতন্ত্র বর্তমানে ব্যর্থ হওয়ার ঝুঁকিতে রয়েছে। গত বছরের তুলনায় এই উদ্বেগের হার ৫৭ শতাংশ থেকে বেড়ে ৬৭ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া ৭৭ শতাংশ উত্তরদাতা আশঙ্কা প্রকাশ করেছেন যে, আগামী পাঁচ বছরে দেশটিতে রাজনৈতিক সহিংসতা আরও বৃদ্ধি পেতে পারে।
জরিপে আরও দেখা গেছে, যুক্তরাষ্ট্রকে বিশ্বের সেরা দেশ হিসেবে ভাবার প্রবণতাও নাগরিকদের মধ্যে কমছে। বর্তমানে মাত্র ৩০ শতাংশ নাগরিক দেশটিকে সেরা মনে করেন, যা ২০১৭ সালে ছিল ৩৮ শতাংশ। এমনকি স্বাধীনতা দিবসের উদ্যাপন নিয়েও দুই দলের সমর্থকদের মধ্যে পোশাক ও উৎসব পালনে স্পষ্ট রাজনৈতিক বিভাজন লক্ষ্য করা গেছে।
স্বাধীনতার ২৫০ বছর পূর্তির প্রাক্কালে মার্কিন নাগরিকদের মধ্যে বাড়ছে সংশয়। জরিপ অনুযায়ী, ৩৮ শতাংশ নাগরিক দেশের অখণ্ডতা নিয়ে শঙ্কিত এবং ৬৭ শতাংশ মনে করেন গণতন্ত্র বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে।


0 Comments