প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফর সমাপ্ত করে আজ সোমবার বিকেলে চীনের দালিয়ানের উদ্দেশে যাত্রা করেছেন। স্থানীয় সময় বিকেল পাঁচটায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনাল থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি দালিয়ানের পথে রওনা হন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দালিয়ানে দুই দিন অবস্থান করবেন এবং সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। দালিয়ানের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তাঁর সরকারি সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তাঁর সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ায় এটিই ছিল তাঁর প্রথম বিদেশ সফর। এই সংক্ষিপ্ত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের সরকারপ্রধান প্রথমে একান্ত বৈঠকে মিলিত হন এবং পরবর্তীতে প্রতিনিধি পর্যায়ের আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে মতবিনিময় করেন।
মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেবেন। সরকারপ্রধান হিসেবে এটিই তাঁর প্রথম বিদেশ সফর।


0 Comments