আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা যুব বিভাগ। শুক্রবার সকাল ১১টায় গোপালপুর থানা চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার আমীর এবং গোপালপুর পৌর মেয়র প্রার্থী মো. হাবিবুর রহমান তালুকদার।
সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইদ্রিস হোসেন, সহকারী সম্পাদক মো. ফরহাদ আলী, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ, উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক তারেক আজিজ এবং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাইমিনুল ইসলাম তোহা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদক বর্তমানে দেশের অন্যতম প্রধান সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে, যা তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এর নেতিবাচক প্রভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারে অস্থিরতা বাড়ছে এবং চুরি, ছিনতাই ও পারিবারিক সহিংসতার মতো অপরাধ বৃদ্ধি পাচ্ছে।
তারা আরও উল্লেখ করেন, কেবল আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়; এর জন্য পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। মানববন্ধন থেকে মাদক ব্যবসায়ী ও তাদের গডফাদারদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সেই সাথে সীমান্ত পথে মাদক পাচার রোধে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেন বক্তারা। সমাবেশে বক্তারা আগামী প্রজন্মের জন্য একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। উক্ত কর্মসূচিতে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ পেশাজীবীরা অংশ নেন।
টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। মাদকমুক্ত সমাজ গড়তে এবং মাদক ব্যবসায়ীদের রুখতে সামাজিক আন্দোলনের ডাক দিয়েছেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ।


0 Comments