কুমিল্লার মুরাদনগরে মসজিদে এশার নামাজ আদায়কালে মো. গিয়াস উদ্দিন সরকার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপুর বাজার মসজিদে এই ঘটনা ঘটে। মৃত গিয়াস উদ্দিন সরকার ধনীরামপুর গ্রামের সরকার বাড়ির মৃত মনু মিয়ার ছেলে। পেশাগত জীবনে তিনি একজন জমির পরিমাপক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ধনীরামপুর বাজার মসজিদে এশার নামাজ পড়তে যান গিয়াস উদ্দিন। এশার ফরজ নামাজ শেষে বিতর নামাজের দ্বিতীয় রাকাতের রুকুতে থাকা অবস্থায় তিনি হঠাৎ সামনের দিকে ঝুঁকে পড়ে যান। বিষয়টি লক্ষ্য করে অন্য মুসল্লিরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার সকালে ধনীরামপুর খেলার মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে রাতেই গিয়াস উদ্দিন সরকারের মৃত্যুর বিষয়টি তারা জানতে পেরেছেন। এটি একটি স্বাভাবিক মৃত্যু এবং তিনি নামাজরত অবস্থায় মারা গেছেন বলে নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা।
কুমিল্লার মুরাদনগরে মসজিদে এশার নামাজ পড়ার সময় মো. গিয়াস উদ্দিন সরকার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিতর নামাজের রুকুতে থাকা অবস্থায় তিনি ঢলে পড়েন। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


0 Comments