আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও নাশকতা মোকাবিলায় রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আগামী ২২ জুন সোমবার থেকে ৩০ জুন মঙ্গলবার পর্যন্ত এই মোতায়েন কার্যকর থাকবে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন এলাকা ছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে অবৈধ মিছিল, শোডাউন ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কা রয়েছে। এতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি জানমালের বড় ধরনের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।
এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমাল সুরক্ষার স্বার্থে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মূলত জননিরাপত্তার ঝুঁকি এড়াতেই সরকার এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় ঢাকা ও চট্টগ্রামসহ ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় ৩০ জুন পর্যন্ত সেনাসদস্যরা মাঠে থাকবেন।


0 Comments