বরিশাল নগরীতে ৮০০ পিস ইয়াবাসহ আটক এক মাদক কারবারির ছবি এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করার অভিযোগ উঠেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের বিরুদ্ধে। গ্রেপ্তারকৃত রাসেল হাওলাদার (৩৫) মূলত আর্জেন্টিনার সমর্থক হলেও ডিজিটাল কারচুপির মাধ্যমে তাকে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি প্রকাশ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে নগরীর পলাশপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে কাউনিয়া থানা পুলিশ রাসেল হাওলাদারকে আটক করে। রাসেল পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাদশা হাওলাদারের ছেলে। গ্রেপ্তারের সময় তার গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। তবে বিএমপির মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ এআই টুল ব্যবহার করে সেই জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি বসিয়ে দেন এবং গণমাধ্যমে পাঠানো তথ্যে তাকে ব্রাজিল সমর্থক হিসেবে উল্লেখ করেন।
এই বিকৃত ছবি ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদের নজরে এলে তিনি দ্রুত ভুল সংশোধনের নির্দেশ দেন এবং জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে সঠিক ছবি ও তথ্য পুনরায় প্রকাশ করা হয়। অভিযুক্ত এসআই তানজিল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি স্রেফ ইয়ারকির ছলে করা হয়েছে এবং এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামুন মিয়ার ঘের সংলগ্ন এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ রাসেলকে আটক করা হয়। অভিযানে মূল মাদক কারবারি আঁখি (৩২) পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
বরিশালে ইয়াবাসহ আটক এক আর্জেন্টিনা সমর্থককে এআই প্রযুক্তির মাধ্যমে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি প্রকাশের ঘটনায় পুলিশের মিডিয়া উইংয়ের বিরুদ্ধে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন কমিশনার।


0 Comments