বিশ্বকাপ ফুটবল নিয়ে সারা বিশ্বের মতো দেশের বিনোদন অঙ্গনেও বইছে উন্মাদনা। এই উন্মাদনায় শামিল হয়ে আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। লিওনেল মেসির দলের কট্টর ভক্ত হিসেবে পরিচিত এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত তার প্রিয় দলকে নিয়ে নানা পোস্ট শেয়ার করছেন।
সম্প্রতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেন পরীমণি। তিনি তার ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ছবি পোস্ট করে তাকে ‘ছোট্ট মেসি’ বলে অভিহিত করেন। এর ঠিক দুদিন পরই নিজের ফেসবুক পেজে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন তিনি, যা ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
ভিডিওটিতে পরীমণিকে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি পরা অবস্থায় দেখা যায়। জার্সির সামনের অংশে ‘মেসি ১০’ এবং পেছনে ‘PORI’ লেখা ছিল। ভিডিওর আবহ সংগীতে যখনই আর্জেন্টিনার কোনো ফুটবলারের নাম আসছিল, পরীমণি ঠিক সেই খেলোয়াড়ের মাঠের পরিচিত উদযাপন বা সিগনেচার পোজটি অনুকরণ করে দেখাচ্ছিলেন।
ভিডিওতে তাকে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিখ্যাত নাচসহ মোলিনা, রোমেরো ও সেনেসির মতো ফুটবলারদের ভঙ্গি নকল করতে দেখা যায়। এছাড়া ম্যাক অ্যালিস্টার, পারেদেস, ফেরনান্ডেজ, আল্ভারেজ ও গঞ্জালেজদের পোজগুলোও তিনি নিপুণভাবে ফুটিয়ে তোলেন। ভিডিওর শেষ দিকে গ্ল্যামারাস লুকে ধরা দেন এই অভিনেত্রী।
পরীমণির এই ভিন্নধর্মী উদযাপন ভক্তদের নজর কেড়েছে। মন্তব্য ঘরে আর্জেন্টিনার সমর্থকরা তাকে সাধুবাদ জানিয়েছেন, আবার অনেক চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকও পরীমণির এই আর্জেন্টিনা প্রীতি দেখে মজার মজার মন্তব্য জুড়ে দিয়েছেন।
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত চিত্রনায়িকা পরীমণি। প্রিয় দলের জার্সি গায়ে মেসি, মার্টিনেজসহ অন্য ফুটবলারদের সিগনেচার পোজ ও উদযাপন নকল করে বিশেষ ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী।


0 Comments