মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি জানিয়েছেন যে, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভেনামি চিংড়ি ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বুধবার (২৪ জুন) রাতে কক্সবাজারের কলাতলী ও উখিয়ার বিভিন্ন হ্যাচারি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কক্সবাজারের কলাতলীতে অবস্থিত নিরিবিলি মৎস্য হ্যাচারি, মৎস্য অধিদপ্তরের আওতাধীন সরকারি কাঁকড়া হ্যাচারি এবং উখিয়ার নিরিবিলি তেলাপিয়া হ্যাচারির কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, ভেনামি চিংড়ির উৎপাদন প্রক্রিয়া সরাসরি দেখার পর আমি নিশ্চিত যে, এই খাতটি রপ্তানি আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে বড় অবদান রাখবে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এই খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দিচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভেনামি চিংড়ি চাষ এখন উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত। নতুন যারা এই খাতে বিনিয়োগ করবেন, তাদের সরকার নীতিগত ও কারিগরি সহায়তা প্রদান করবে বলে তিনি জানান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্মসচিব মো: হাসানুজ্জামান, মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো: আনোয়ার হোসেন এবং কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কক্সবাজারে বিভিন্ন হ্যাচারি পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ভেনামি চিংড়ি চাষ দেশের অর্থনীতি ও রপ্তানি আয়ে নতুন দিগন্ত উন্মোচন করবে।


0 Comments