ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে উন্মাদনা ও নানা ব্যতিক্রমী কর্মকাণ্ড নতুন কিছু নয়। তবে জামালপুরের বকশীগঞ্জে এক আর্জেন্টিনা সমর্থক যা করেছেন তা এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া চ্যালেঞ্জ অনুযায়ী ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করেছেন ফয়সাল আহমেদ জুম্মান (২৩)। ফয়সাল জেলার বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাধুরপাড়া এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত।
জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় ফয়সাল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ঘোষণা দিয়েছিলেন যে, হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন। শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিল। ম্যাচ শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসেন তিনি। আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়েই সাধুরপাড়া এলাকায় তিনি মাথা ন্যাড়া করেন।
ব্যতিক্রমী এই ঘটনাটি দেখতে স্থানীয় ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষজন ভিড় জমান। মুহূর্তেই বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং অনেকে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। চ্যালেঞ্জ পূরণের পর ফয়সাল আহমেদ জুম্মান বলেন, খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি মজা করেই এই চ্যালেঞ্জ দিয়েছিলাম। ব্রাজিল জিতেছে, তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি। প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করতে হয়। স্থানীয়দের মতে, বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের মধ্যে এমন বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা ফুটবলপ্রেমেরই বহিঃপ্রকাশ।
জামালপুরের বকশীগঞ্জে ব্রাজিলের জয়ে ফেসবুক চ্যালেঞ্জ হেরে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক ফয়সাল আহমেদ জুম্মান। ফুটবলপ্রেমের এমন ব্যতিক্রমী ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
-6a367a8bb75b6.webp)

0 Comments