প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রবিবার (২১ জুন) মালয়েশিয়া ও চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। শনিবার (২০ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এই সফরের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
পররাষ্ট্রসচিব জানান, প্রধানমন্ত্রী রবিবার দুপুরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর শেষে ২৩ জুন তিনি সরাসরি চীন সফরে যাবেন এবং সফর শেষে দেশে ফিরবেন। এবারের সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখা হয়েছে। মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ২৭ জন এবং চীন সফরে ২৮ জন সফরসঙ্গী হিসেবে থাকবেন।
সফরের সূচি অনুযায়ী, আগামী ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর উভয় দেশের সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনযোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।
এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। আসিয়ান (ASEAN)-এ বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মালয়েশিয়ার জোরালো সমর্থন চাওয়া হবে এই সফরে। সফরকালে দুই দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আনুষ্ঠানিক বাণিজ্যিক আলোচনা শুরু করার লক্ষ্যে 'টার্মস অফ রেফারেন্স' বিনিময়সহ আরও কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত দলিল নিয়ে আলোচনার প্রস্তুতি রয়েছে। মালয়েশিয়া সফর শেষে ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত প্রধানমন্ত্রী চীন সফর করবেন।
ছয় দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল মালয়েশিয়া ও চীনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধিতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।


0 Comments