বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, বর্তমান বিএনপি সরকার গণভোটের রায়কে গুরুত্ব না দিয়ে রাষ্ট্রের মৌলিক সংস্কারের বিষয়গুলোকে উপেক্ষা করেছে। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, গণ-অভ্যুত্থানের পর জনগণ ফ্যাসিবাদের অবসান ও রাষ্ট্রের আমূল পরিবর্তন চেয়েছিল। সেই লক্ষ্যেই সংস্কারের সনদ তৈরি করে গণভোট আয়োজন করা হলেও সরকার শুধু সংসদ নির্বাচনের ফলকে গুরুত্ব দিয়েছে। জনগণের প্রায় ৭০ শতাংশের রায়কে অগ্রাহ্য করায় জাতীয় জীবনে নতুন সংকট তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
জামায়াত আমির আরও অভিযোগ করেন, স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশন গঠনের মতো গুরুত্বপূর্ণ সংস্কারের কোনো উদ্যোগ সরকার নেয়নি। তিনি বলেন, যে সব প্রতিষ্ঠানের কারণে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়েছিল, সেগুলো আগের অবস্থাতেই রয়ে গেছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, গাইবান্ধায় শিবিরের এক নেতাকে হত্যার মতো ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই ঘটছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকারও কড়া সমালোচনা করেন।
সরকারকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনকল্যাণমূলক কাজে বিরোধী দল সহযোগিতা করবে, তবে গণবিরোধী কোনো উদ্যোগ নেওয়া হলে রাজপথে ও সংসদে সমানতালে প্রতিরোধ গড়ে তোলা হবে। এছাড়া সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশে থাকার এবং জাতীয় স্বার্থে সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অধিবেশনে জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, মুজিবুর রহমান, আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী ও কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
গণভোটের রায় উপেক্ষা করে সরকার রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের সুযোগ হারিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।


0 Comments