দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এবং দ্রিনান অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু রাজিব মারুফের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এই আদেশ প্রদান করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের উপসহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীর আয়কর নথি জব্দের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, নিজাম হাজারীর বিরুদ্ধে ১৮ কোটি ৭২ লাখ টাকার গোপন বা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তিনি নিজের নামে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান খুলে ৮২টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনক লেনদেন এবং অর্থ রূপান্তর ও স্থানান্তর করেছেন বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে, ৩ কোটি ৪১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ী মোহাম্মদ আবু রাজিব মারুফের আয়কর নথি জব্দের আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন। আবেদনে বলা হয়, তিনি অসাধু উপায়ে অর্জিত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ স্থাবর ও অস্থাবর সম্পদ ভোগ-দখলে রেখেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই দুই ব্যক্তির আয়কর নথি পর্যালোচনা করা একান্ত প্রয়োজন বলে আদালতকে জানিয়েছে দুদক।
সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী ও ব্যবসায়ী আবু রাজিব মারুফের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ১৮ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো

0 Comments