Recents in Beach

ব্রেকিং নিউজ

উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ এপিবিএন কনস্টেবল আটক, ঢাকায় পৌঁছে দিলে পেতেন ২ লাখ টাকা

উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ এপিবিএন কনস্টেবল আটক, ঢাকায় পৌঁছে দিলে পেতেন ২ লাখ টাকা

কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবা বড়িসহ মো. সজিব বেপারী (২৩) নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যায় উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক সজিব উখিয়া ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কনস্টেবল হিসেবে কর্মরত এবং তাঁর বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার নান্না এলাকায়।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে উখিয়া থেকে কক্সবাজার শহরের দিকে যাচ্ছিলেন সজিব। মরিচ্যা যৌথ চেকপোস্টে গাড়িটি পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় সজিবের ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, উখিয়ার বালুখালী আশ্রয়শিবির এলাকা থেকে এসব ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

রামু-৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো ঢাকায় পৌঁছে দেওয়ার বিনিময়ে সজিবের সাথে ২ লাখ টাকার চুক্তি হয়েছিল। অর্থের লোভে তিনি এই মাদক পাচারে জড়িয়েছেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রামু থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ।

এদিকে উখিয়া-৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ জানান, সজিব ছুটিতে থাকাকালীন এই ঘটনায় জড়িয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংক্ষেপে:
কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য সজিব বেপারীকে আটক করেছে বিজিবি। ঢাকায় ইয়াবা পৌঁছে দেওয়ার বিনিময়ে ২ লাখ টাকার চুক্তি করেছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments