আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচারকদের আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। সরকার একটি স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে চায়। শুক্রবার সকালে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলের অবস্থা থেকে দেশকে ফিরিয়ে আনতে অনেক মানুষকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। বর্তমান সরকার বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ স্বাধীন করতে কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বর্তমানে বড় বিতর্ক রয়েছে এবং প্রধানমন্ত্রী এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছেন। তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে খুলনা বারে নতুন যোগদান করা ১৭৪ জন নবীন আইনজীবীকে বরণ করে নেওয়া হয় এবং জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমির এজাজ খান ও জাহাঙ্গীর হোসেন হেলাল, জেলা প্রশাসক হুরে জান্নাত এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজীসহ খুলনার বিভিন্ন আদালতের বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বিচারকদের বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। খুলনায় নবীন আইনজীবীদের বরণ অনুষ্ঠানে তিনি একটি স্বাধীন বিচার বিভাগ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

0 Comments