তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে সব ধরনের প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখা হবে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘হুজ হু বাংলাদেশ ২০২৬’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অতীতের বিতর্ক নিয়ে পড়ে না থেকে ভবিষ্যৎ অগ্রগতির দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতি ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তাঁর ব্যক্তিগত ও পেশাগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। রাজনীতিতে আসার আগে তিনি দীর্ঘ সময় যুক্তরাজ্যে তথ্যপ্রযুক্তি খাতে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ছিলেন। পরবর্তীতে পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার সূত্রে তিনি জনসেবায় যুক্ত হন এবং ময়মনসিংহের নান্দাইল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এ বছর ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন প্রখ্যাত আলোকচিত্রী ও ‘দৃক’-এর প্রতিষ্ঠাতা শহিদুল আলম। এছাড়া কৃষিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি কে এম মোস্তাফিজুর রহমান, শিল্প ও সংস্কৃতিতে ফরিদা আক্তার পপি (ববিতা), শিল্প ও সাহিত্যে রাহিতুল ইসলাম এবং শিক্ষায় মনসুর আহমেদ চৌধুরী পদক লাভ করেন। উদ্যোক্তা বিভাগে সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও কণা আলম, গ্লোবাল প্রফেশনে শাখাওয়াত হোসেন, সাংবাদিকতায় ৭১ টিভির সিইও শফিক আহমেদ, খেলাধুলায় সাঈদ উর রব এবং সমাজসেবায় শান্তি শ্রী এই সম্মাননা গ্রহণ করেন।
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও জাতীয় ঐক্যের ডাক দিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। হুজ হু বাংলাদেশ ২০২৬ অনুষ্ঠানে তিনি সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

0 Comments