আগামী পবিত্র ঈদুল আজহার কুরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ মে) সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে ঈদুল আজহার ব্যবস্থাপনা সংক্রান্ত এক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কুরবানি পরবর্তী সময়ে বর্জ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন ১২ ঘণ্টার মধ্যে সব সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পর্যায়ের বর্জ্য পরিষ্কার করা হয়। জনস্বাস্থ্য নিশ্চিতে স্যানিটেশনসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও তাগিদ দিয়েছেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় দ্রুতই সিটি করপোরেশনের প্রশাসক, মেয়র এবং জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় সভা করে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করবে। এছাড়া মহাসড়ক ও রেললাইনের পাশে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না বলে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আগামী ঈদুল আজহার কুরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনস্বাস্থ্য রক্ষায় এবং মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে পশুর হাট বসানোর ক্ষেত্রেও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

0 Comments