ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন শেখ রেহানা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার এই দুইজনের মধ্যকার একটি ফোনালাপের অডিও রেকর্ড শোনানো হয়েছে। জুলাই অভ্যুত্থানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণকালে এই তথ্য সামনে আসে।
আদালতে সাক্ষ্য দেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এই সাক্ষ্য রেকর্ড করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে প্রায় ২ মিনিট ৯ সেকেন্ডের একটি কথোপকথন শোনানো হয়, যেখানে শেখ রেহানাকে শুরু থেকেই সালমান এফ রহমানকে দ্রুত এলাকা ছাড়ার তাগিদ দিতে শোনা যায়।
ফোনালাপে শেখ রেহানা জানান, তারা অন্য জায়গায় আছেন এবং সালমান এফ রহমানকে এক সেকেন্ডও দেরি না করে নিরাপদ স্থানে চলে যেতে বলেন। কথোপকথনের এক পর্যায়ে সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সঙ্গে নিয়ে বের হওয়ার কথা বলেন এবং মার্শাল ল জারি করা হচ্ছে কি না সে বিষয়ে জানতে চান। জবাবে শেখ রেহানা তাকে এসব চিন্তা বাদ দিয়ে দ্রুত ইমিডিয়েটলি চলে যাওয়ার নির্দেশ দেন।
মামলার আসামি হিসেবে সালমান এফ রহমান ও আনিসুল হক আদালতে উপস্থিত ছিলেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদারসহ অন্যান্যরা। আতিকুর রহমানের সাক্ষ্যগ্রহণ শেষ হলেও আসামিপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আগামী ৮ জুন পরবর্তী জেরার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
৫ আগস্ট সরকার পতনের মুহূর্তে সালমান এফ রহমানকে শেখ রেহানার করা ফোনকলের অডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শোনানো হয়েছে। দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার সেই কথোপকথনের বিস্তারিত জানুন।

0 Comments