সরকারের প্রতিমন্ত্রী হওয়ার কারণে অনেক কথা প্রকাশ্যে বলা বা করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি রাজনৈতিক প্রতিপক্ষ ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ইশরাক হোসেন তার পোস্টে বিরোধী পক্ষকে উদ্দেশ্য করে লেখেন, কিছু মানুষ আবোল-তাবোল কথা বলছে এবং বড় বড় দাবি করছে। অথচ গত বছর সংকটের সময় যখন তারা দায়িত্ব ছেড়ে পালিয়ে গিয়েছিল, তখন তাদের কোনো কার্যকারিতা দেখা যায়নি। তিনি অভিযোগ করেন, কোনো রকম চাওয়া ছাড়াই তারা ক্ষমতা পেয়েছিল এবং জনগণের তাদের প্রতি অনেক আশা ছিল। কিন্তু পরবর্তীতে টেন্ডারবাজি, দুর্নীতি, লুটপাট ও জুলাইয়ের চেতনা বিক্রি করার মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় জনগণের সেই আশা ভঙ্গ হয়েছে।
অন্তর্বর্তী সরকারের ভেতরের প্রভাবশালীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, একটি পক্ষ আওয়ামী লীগের সঙ্গে গোপন চুক্তি করে এবং আঁতাত করে ষাটটি আসন চুরি করেছে। নিজের বর্তমান অবস্থানের সীমাবদ্ধতা উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলে থেকে দীর্ঘ লড়াই-সংগ্রাম করে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এলেও এখন সরকারের অংশ হওয়ায় অনেক কিছু বলতে বা করতে পারছেন না। পোস্টের শেষাংশে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, আজ যদি তিনি সরকারের অংশ না থাকতেন, তবে জনগণকে সঙ্গে নিয়ে এসব অপশক্তির বিরুদ্ধে সরাসরি অবস্থান নিতেন।
সরকারের প্রতিমন্ত্রী হওয়ার কারণে অনেক কথা বলতে পারছেন না বলে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ইশরাক হোসেন। রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে তিনি বলেন, পদমর্যাদার সীমাবদ্ধতায় অনেক পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।

0 Comments