সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এই রিটে ওই সরকারের সময় প্রণীত আইন, গঠিত সংস্কার কমিশন এবং সম্পাদিত দেশি-বিদেশি চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ গত রবিবার (৩ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি দায়ের করেন। আজ সোমবার (৪ মে) তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রিটে এসব কর্মকাণ্ড অনুসন্ধানে একটি কমিশন গঠনের পাশাপাশি সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখারও আর্জি জানানো হয়েছে।
রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে। এর আগে এই আইনজীবী অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি রিট করেছিলেন, যা হাইকোর্ট ও পরবর্তীতে আপিল বিভাগ খারিজ করে দেয়। ২০২৪ সালের ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সাংবিধানিক শূন্যতা পূরণে এই সরকার গঠন করা হয়েছিল।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আইন প্রণয়ন ও চুক্তির বৈধতা নিয়ে অনুসন্ধানের আর্জি জানিয়েছেন রিটকারী আইনজীবী।

0 Comments