রাঙামাটিতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা উদ্যাপিত হচ্ছে। শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, পঞ্চশীল প্রার্থনা, দানসামগ্রী উৎসর্গ ও ধর্মীয় দেশনাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের উদ্যোগে সকাল সাড়ে সাতটায় বনরূপা মৈত্রীবিহার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তবলছড়ি আনন্দবিহারে গিয়ে শেষ হয়। এতে ব্যানার, ফেস্টুন ও বৌদ্ধ পতাকা হাতে বিভিন্ন জাতিগোষ্ঠীর নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন। শোভাযাত্রা শেষে বিহার প্রাঙ্গণে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা।
অন্যদিকে, বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান রাঙামাটি রাজবন বিহারে জাঁকজমকভাবে বুদ্ধপূর্ণিমা উদ্যাপিত হচ্ছে। সেখানে বুদ্ধ প্রতিবিম্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও স্নান করানোর মাধ্যমে বন্দনা করেন ভক্তরা। রাজবন বিহারের অনুষ্ঠান মঞ্চে ভিক্ষু সংঘের আগমনের পর ধর্মীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে পঞ্চশীল গ্রহণ ও সব প্রাণীর মঙ্গল কামনায় ধর্মদেশনা দেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। ভক্তরা পার্বত্য চট্টগ্রামসহ বিশ্বের প্রতিটি প্রান্তে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য বিশেষ প্রার্থনা করেন।
রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে বুদ্ধপূর্ণিমা। বিশ্বশান্তি ও সব প্রাণীর মঙ্গল কামনায় রাজবন বিহারসহ বিভিন্ন বিহারে সমবেত হয়েছেন পুণ্যার্থীরা।
সূত্র: প্রথম আলো

0 Comments