এসবিএসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট ব্যাংকার আবদুল কাইয়ুম চৌধুরী। এর আগে তিনি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিন দশকের বেশি সময়ের দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যাংকে সফলভাবে নেতৃত্ব ও পেশাদারির পরিচয় দিয়েছেন।
আবদুল কাইয়ুম চৌধুরী ১৯৯৪ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। সেখানে আট বছর দায়িত্ব পালনের পর তিনি সাউথইস্ট ব্যাংকে দীর্ঘ ২০ বছর কর্মরত ছিলেন। সাউথইস্ট ব্যাংকে থাকাকালীন তিনি প্রিন্সিপাল শাখা ও ধানমন্ডি শাখার ব্যবস্থাপক এবং ফরেন ট্রেড সার্ভিসেস ডিভিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। পরবর্তীতে ২০২৩ সালের জানুয়ারিতে তিনি দি প্রিমিয়ার ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন।
দীর্ঘ ৩২ বছরের পেশাগত জীবনে তিনি পরিকল্পনা প্রণয়ন, লক্ষ্যমাত্রা অর্জন এবং সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। ব্যাংকিং খাতে বিশেষ অবদানের জন্য তিনি একাধিকবার সেরা ব্যবস্থাপকের সম্মাননাসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি দেশে-বিদেশে অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন।
শিক্ষাজীবনে আবদুল কাইয়ুম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা এই ব্যাংকার ব্যক্তিজীবনে এক ছেলে ও এক মেয়ের জনক। তাঁর স্ত্রীও একজন জ্যেষ্ঠ ব্যাংকার হিসেবে কর্মরত রয়েছেন।
এসবিএসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন অভিজ্ঞ ব্যাংকার আবদুল কাইয়ুম চৌধুরী। ৩২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

0 Comments