যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করতে তিন দিনের সফরে আজ মঙ্গলবার (৫ মে) ঢাকায় আসছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ। গত ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর ওয়াশিংটনের পক্ষ থেকে এটিই কোনো বাণিজ্য প্রতিনিধির প্রথম ঢাকা সফর। সোমবার ঢাকার মার্কিন দূতাবাস এক মিডিয়া নোটে এই সফরের তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্য সংলাপ জোরদারের লক্ষ্যেই ব্রেন্ডান লিঞ্চের এই সফর। বিশেষ করে ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)’ বা পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়ন, আমদানি-রপ্তানি ঘাটতি কমানো এবং মার্কিন কৃষি ও জ্বালানি পণ্য আমদানির প্রতিশ্রুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
সফরকালে ব্রেন্ডান লিঞ্চ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে মূল দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩৫০ কোটি ডলারের কৃষিপণ্য এবং আগামী ১৫ বছরে ১ হাজার ৫০০ কোটি ডলারের জ্বালানিপণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। এই সফরের মাধ্যমে চুক্তির ফলোআপ এবং অগ্রগতির পর্যালোচনা করা হবে।
মার্কিন দূতাবাসের বার্তায় বলা হয়েছে, এই সফরের ফলে উভয় দেশের পণ্যের বাজারে প্রবেশাধিকার সহজ হবে এবং বিনিয়োগের বাধা দূর করে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আনবে। ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধিদলটি ৫ থেকে ৭ মে পর্যন্ত ঢাকায় অবস্থান করে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করবে।
বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে তিন দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ। আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বাস্তবায়ন ও বিনিয়োগের নতুন সুযোগ।

0 Comments