বাংলাদেশ স্কাউটস আয়োজিত ‘জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা–২০২৬’-এ মূকাভিনয় (মাইম) বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন সাতক্ষীরার কৃতী শিক্ষার্থী জান্নাত আলম। গত ১৯ মে ঢাকার কাকরাইলে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২৫০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেন।
জান্নাত আলম সাতক্ষীরা সরকারি কলেজের উচ্চমাধ্যমিক মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সাতক্ষীরা বন্ধুসভার অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই সাফল্যের খবর পৌঁছানোর পর সাতক্ষীরার শিক্ষাঙ্গন ও সামাজিক মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, গান, নৃত্য, মূকাভিনয়, আবৃত্তি, কিরাত, আজান, বাংলা উপস্থাপনা ও চিত্রাঙ্কন—এই আটটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে তুমুল প্রতিযোগিতাপূর্ণ মূকাভিনয় বিভাগে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন জান্নাত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোরশেদ, বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার বাসিন্দা শেখ জুলফিকার আলম ও রাফিয়া পারভীন দম্পতির সন্তান জান্নাত আলম ভবিষ্যতে একজন দক্ষ আইনজীবী হতে চান। এর আগে তিনি বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে দেশব্যাপী ‘উপস্থিত অভিনয়’ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। তাঁর এই সাফল্যে সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
বাংলাদেশ স্কাউটসের জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় মূকাভিনয়ে দেশসেরা হয়েছেন সাতক্ষীরার জান্নাত আলম। ২৫০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এই গৌরব অর্জন করেন তিনি। তাঁর এই সাফল্যে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা।

0 Comments