মহান মে দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ভাড়াউড়া চা-বাগানের দুর্গামন্দির প্রাঙ্গণে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে চা-শ্রমিকদের ভূমির অধিকার বাস্তবায়নসহ বিভিন্ন মৌলিক দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক মহব্বত হোসাইন, জেমস ফিনলে চা কোম্পানির চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুরী এবং সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরাসহ অনেকে।
বৃষ্টি উপেক্ষা করে বালিশিরা ভ্যালির বিভিন্ন বাগান থেকে হাজার হাজার শ্রমিক বাস, ট্রাক ও ট্রাক্টরে করে সমাবেশস্থলে সমবেত হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা শ্রমিকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
বক্তারা অভিযোগ করেন, প্রায় দেড়-দুই শ বছর ধরে চা-বাগানে বসবাস করলেও শ্রমিকেরা এখনো ভূমির অধিকার থেকে বঞ্চিত। তারা যাযাবরের মতো জীবন যাপন করছেন। এছাড়া বাগানে স্বাস্থ্যসেবার মান অত্যন্ত নিম্নমানের। নারী শ্রমিকদের জন্য পর্যাপ্ত টয়লেট সুবিধা নেই এবং মাতৃত্বকালীন ছুটি মাত্র চার মাস, যা প্রয়োজনের তুলনায় কম। বৃষ্টির মধ্যে কাজ করার জন্য রেইনকোট এবং নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের অভাবের কথাও বক্তারা উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, তিনি ব্যক্তিগতভাবে এবং সরকারি উদ্যোগে চা-শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে সংসদে চা-শ্রমিকদের সমস্যার কথা কয়েকবার তুলে ধরেছেন এবং ভবিষ্যতে তাদের জীবনমান উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
শ্রীমঙ্গলে চা শ্রমিকদের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ভূমির অধিকার, উন্নত স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। বৃষ্টি উপেক্ষা করে হাজারো শ্রমিক এতে যোগ দেন।
সূত্র: প্রথম আলো

0 Comments