সিলেট সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাস্থ্যসেবা ও পরিবেশ রক্ষায় সরকারের বড় পরিকল্পনার কথা তুলে ধরেছেন। শনিবার সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই নিয়োগের ৮০ শতাংশই হবে নারী স্বাস্থ্যকর্মী, যারা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন।
প্রধানমন্ত্রী বলেন, শহরের তুলনায় গ্রামের মানুষ এখনো পর্যাপ্ত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা বিশেষ করে পরিবারের নারীদের খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল সম্পর্কে সচেতন করবেন, যাতে ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি রোগের ঝুঁকি কমানো যায়। সচেতনতার মাধ্যমে অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে পারলে হাসপাতালে আসা রোগীদের উন্নত সেবা দেওয়া সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
দেশের জলাবদ্ধতা ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে বৃষ্টির অতিরিক্ত পানি ধরে রাখা এবং কৃষিকাজে ব্যবহারের সুবিধা হবে। তিনি আরও জানান, সিলেট ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানের জলাবদ্ধতা নিরসনে সরকার কাজ করছে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে তিনি সুরমা নদীর তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যাপ্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তার সদর উপজেলার বাসিয়া খাল পুনঃখনন এবং জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। সমাবেশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন। গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে এবং সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশজুড়ে খাল খনন কর্মসূচির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

0 Comments