জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠান ও বইমেলার উদ্বোধনের আগেই আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২৩ মে) দুপুর ২টা ২০ মিনিটের দিকে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যাওয়ার পর শুরু হওয়া দমকা হাওয়ায় মেলার বেশ কয়েকটি স্টল ভেঙে পড়ে। এতে আয়োজক ও প্রকাশকদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মেলার স্টল মালিকরা জানান, মেলার মাঠে নির্মাণাধীন ও অস্থায়ীভাবে প্রস্তুত করা কয়েকটি স্টল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাতাসের তীব্রতায় কিছু স্টলের টিন ও ত্রিপল উড়ে গেছে এবং বাঁশের কাঠামো ভেঙে পড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রিশাল সফরকে কেন্দ্র করে জাতীয় কবির স্মৃতিবিজড়িত এলাকায় এই বিশেষ বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একইসঙ্গে ওই এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধনেরও প্রস্তুতি চলছিল।
উদ্বোধনের প্রস্তুতির শেষ পর্যায়ে হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে মেলার স্বাভাবিক পরিবেশে বিঘ্ন ঘটে। ক্ষতিগ্রস্ত স্টল মালিকরা জানান, অনেক পরিশ্রম করে স্টলগুলো সাজানো হয়েছিল, কিন্তু মুহূর্তের ঝড়ে বড় ধরনের ক্ষতি হয়ে গেল। বর্তমানে দ্রুত সংস্কার কাজ চালিয়ে উদ্বোধনের আগেই সবকিছু পুনরায় প্রস্তুত করার চেষ্টা করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়েই বইমেলা ও অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
ত্রিশালে জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বইমেলার উদ্বোধনের আগেই ঝড়ে বেশ কিছু স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার দুপুরে হঠাৎ শুরু হওয়া দমকা হাওয়ায় মেলার কাঠামো ভেঙে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আয়োজকরা।

0 Comments