সুনামগঞ্জে টিকটকে পরিচয়ের সূত্র ধরে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে আবাসিক হোটেলে নিয়ে যৌন নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগে আকাশ চন্দ্র দাস শাওন ওরফে ইশান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আকাশ সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গৌরারং গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলার বিবরণ অনুযায়ী, সুনামগঞ্জ শহরের একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে আকাশের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলে আকাশ ওই ছাত্রকে শহরের পুরাতন বাস স্টেশন এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যৌন নির্যাতন করেন। এ সময় আকাশ কৌশলে নির্যাতনের ভিডিও নিজের মোবাইলে ধারণ করে রাখেন। পরবর্তীতে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আকাশ তাকে শহরের অন্য একটি হোটেলে নিয়ে আবারও নির্যাতন করেন। দ্বিতীয়বার নির্যাতনের পর ছাত্রটিকে সেখানে একা ফেলে রেখে আকাশ পালিয়ে যান।
বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী স্কুলছাত্রের পরিবার সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্ত আকাশ আত্মগোপনে চলে গেলেও র্যাবের সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে নির্যাতনের ভিডিও সম্বলিত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করা হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত আলামত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সুনামগঞ্জে টিকটকে পরিচয়ের সূত্র ধরে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে আবাসিক হোটেলে নিয়ে যৌন নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগে আকাশ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0 Comments