ফরিদপুরের বোয়ালমারীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৬৩০ কেজি চাল সাবেক এক কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুস সামাদ খানের বাড়ির নিচতলা থেকে এসব চাল উদ্ধার করা হয়। আবদুস সামাদ খান জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ। অভিযানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ১২ বস্তা এবং খুচরা ৩০ কেজিসহ মোট ৬৩০ কেজি চাল জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত চাল পৌরসভায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারিভাবে এই চাল পৌর এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে চালগুলো সরকারি গুদাম বা নির্ধারিত স্থানে না রেখে সাবেক কাউন্সিলরের বাড়িতে রাখায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে সাবেক কাউন্সিলর আবদুস সামাদ খান দাবি করেন, প্রতি বছরই ইমাম-মুয়াজ্জিনদের চাল তার বাড়িতে রাখা হয় এবং এর সঙ্গে তার ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই। তাকে রাজনৈতিকভাবে হয়রানি করতে এই অভিযান চালানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন। বোয়ালমারী ইমাম পরিষদের সাধারণ সম্পাদক সাহেব আলী জানান, সোমবার বিতরণের উদ্দেশ্যে চালগুলো সেখানে রাখা হয়েছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ জানান, উদ্ধারকৃত চাল পৌরসভায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ফরিদপুরের বোয়ালমারীতে সাবেক এক কাউন্সিলরের বাড়ি থেকে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বরাদ্দকৃত ৬৩০ কেজি ভিজিএফের চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

0 Comments