জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গবাদি পশুর টেকসই খাদ্য ব্যবস্থাপনা ও উন্নত গবেষণাকে এগিয়ে নিতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে নতুন গবেষণা কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে দেশের বিজ্ঞানীদের সঙ্গে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার একটি গবেষক দল। বুধবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এবং অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটির যৌথ আয়োজনে "Australia-Bangladesh Research Showcase" শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গবাদি পশুর টেকসই খাদ্য ব্যবস্থাপনা ও উন্নত গবেষণা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, উন্নত খাদ্য ব্যবস্থাপনা ও গবেষণা ভবিষ্যতে দেশের ডেইরি ও লাইভস্টক খাতকে আরও সমৃদ্ধ করবে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার গবেষকদের মধ্যে সমন্বয় সাধন এবং দ্বিপাক্ষিক গবেষণা কার্যক্রমের সফল বাস্তবায়নে সামগ্রিক প্রকল্প সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ড. মো. খাইরুল বাসার। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী আমিনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ক্লিনটন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান তুহিন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জলবায়ু সহনশীল প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে এই যৌথ গবেষণা দেশের প্রাণিসম্পদ উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গবাদি পশুর টেকসই খাদ্য ব্যবস্থাপনা ও গবেষণায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগ শুরু হয়েছে। রাজধানীর এক সেমিনারে দুই দেশের বিজ্ঞানীরা এই নতুন কার্যক্রমের ঘোষণা দেন।
সূত্র: bd24live

0 Comments