দেশের সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের একটি ‘জাতীয় সমন্বয় কমিটি’ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়। নবগঠিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং প্রধান সমন্বয়ক হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম।
কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি এবং র্যাবের মহাপরিচালককে। এছাড়া এসবি, সিআইডি, বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সেল, সিটিটিসি এবং অ্যান্টি টেররিজম ইউনিটের শীর্ষ কর্মকর্তাদের সহায়তাকারী হিসেবে রাখা হয়েছে। প্রয়োজনে কমিটিতে নতুন সদস্য কো-অপ্ট করার সুযোগ রাখা হয়েছে।
এই কমিটির প্রধান কাজ হবে সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি নির্ধারণ, সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কার্যপরিধি ঠিক করা। এছাড়া প্রচলিত আইন পর্যালোচনা ও সংস্কারের সুপারিশ এবং অনলাইন প্ল্যাটফর্মগুলো তদারকির মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধনের দায়িত্বও পালন করবে এই কমিটি। প্রতি মাসে অন্তত একবার বা তিন মাসে একবার কমিটির সভা অনুষ্ঠিত হবে। এনএসআই এই কমিটির সচিবালয় হিসেবে কাজ করবে।
এদিকে, পৃথক এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বায়ক করে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা–সম্পর্কিত জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।
সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের জাতীয় সমন্বয় কমিটি গঠিত হয়েছে। কমিটি আইনশৃঙ্খলা ও অনলাইন প্ল্যাটফর্ম তদারকিতে কাজ করবে।
সূত্র: প্রথম আলো

0 Comments