Recents in Beach

ব্রেকিং নিউজ

সরকারি ব্যয় কমাতে বড় সিদ্ধান্ত: অতিরিক্ত সচিবদের বিদেশ ভ্রমণে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

সরকারি ব্যয় কমাতে বড় সিদ্ধান্ত: অতিরিক্ত সচিবদের বিদেশ ভ্রমণে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে আকাশপথে ইকোনমি ক্লাস বা সুলভ শ্রেণি ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নতুন এই নির্দেশনা অনুযায়ী, সরকারের অতিরিক্ত সচিব এবং সমপর্যায়ের সরকারি, স্বশাসিত, সংবিধিবদ্ধ ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা এখন থেকে আকাশপথে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিজনেস, ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে সুলভ শ্রেণিতে যাতায়াত করবেন। অর্থ বিভাগের এই অফিস স্মারকটি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে। তবে এই নির্দেশনায় সচিবদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন কোনো পরিবর্তনের কথা উল্লেখ করা হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে দেশে প্রায় ৫০০ জন অতিরিক্ত সচিব রয়েছেন এবং সমমর্যাদার কর্মকর্তাদের হিসেবে নিলে এই সংখ্যা ৮০০ ছাড়িয়ে যাবে। এর আগে ২০২৩ সালের মে মাসেও সরকার ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে প্রথম শ্রেণির পরিবর্তে বিজনেস বা ক্লাব শ্রেণিতে ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছিল। সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে দৈনিক ভাতা, হোটেল ভাড়া ও অন্যান্য খরচ দেশভেদে নির্ধারিত তিনটি গ্রুপ অনুযায়ী মার্কিন ডলারে প্রদান করা হয়।

সংক্ষেপে:
সরকারি ব্যয় কমাতে অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় অর্থ বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: প্রথম আলো

Post a Comment

0 Comments