তিন দিনের সরকারি সফরে ভোলায় আসছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা থেকে সড়ক পথে বরিশাল হয়ে বিকেলে ভোলায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর নির্বাচনী এলাকা ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে প্রথম সফর। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

স্পিকারের সফরকে ঘিরে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তিনি ভোলা সার্কিট হাউজে পৌঁছাবেন। একই দিন বিকেল ৫টায় লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় লালমোহন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। একই দিন বিকেল ৩টায় তজুমদ্দিন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে আরেকটি মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন স্পিকার। এরপর বেলা ১১টার দিকে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।