নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার গুঞ্জন, আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই

সিবি ডেক্স: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন অথবা গুরুতর আহত হয়েছেন—এমন গুঞ্জন ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। হিব্রুভাষী বিভিন্ন সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি নির্দিষ্ট ইঙ্গিত বা ঘটনার ভিত্তিতে এই গুঞ্জন ছড়িয়ে পড়েছে। প্রথমত, প্রায় তিন দিন ধরে নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে কোনো নতুন ভিডিও প্রকাশিত হয়নি। এমনকি চার দিন ধরে তাঁর কোনো নতুন ছবিও প্রকাশ করা হয়নি। এ সময় তাঁর নামে যেসব বক্তব্য প্রকাশিত হয়েছে, সেগুলো কেবল লিখিত আকারেই এসেছে।

দ্বিতীয়ত, এর আগে সাধারণত প্রতিদিন অন্তত একটি কিংবা কখনো কখনো তিনটি পর্যন্ত ভিডিও বার্তা প্রকাশ করতেন নেতানিয়াহু। কিন্তু টানা তিন দিন তাঁর কোনো ভিডিও প্রকাশ না হওয়ায় বিভিন্ন মহলে সন্দেহ তৈরি হয়েছে।

তৃতীয়ত, কয়েকটি হিব্রু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ মার্চ থেকে নেতানিয়াহুর বাসভবনের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিশেষ করে আত্মঘাতী ড্রোন হামলা প্রতিরোধে সেখানে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

চতুর্থত, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফের মঙ্গলবার ইসরায়েল সফরে যাওয়ার কথা ছিল। তবে হঠাৎ করেই তাঁদের সেই পূর্বনির্ধারিত সফর বাতিল করা হয়েছে। ধারণা করা হচ্ছে, উদ্ভূত পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পঞ্চমত, একটি সংবাদ প্রতিবেদনে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপের খবর প্রকাশ করা হয়েছে। তবে সেই প্রতিবেদনে ফোনালাপের নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি। মাখোঁর দপ্তর শুধু আলোচনার লিখিত ভাষ্য প্রকাশ করেছে।

তবে এসব গুঞ্জনের এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি। একই সঙ্গে ইসরায়েল সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা স্পষ্ট নাকচ করা হয়নি।

Post a Comment

0 Comments