ঈদ উপহার বিতরণ নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিল চীনা দূতাবাস

সিবি ডেক্স: রাজধানীতে চীনা দূতাবাসের একটি ঈদ উপহার বিতরণ কর্মসূচিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্টি হওয়া বিভ্রান্তির বিষয়ে ব্যাখ্যা দিয়েছে দূতাবাস।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে চীনা দূতাবাস তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায়, চীনা রাষ্ট্রদূতের অংশগ্রহণে আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠান নিয়ে অনলাইনে ছড়ানো কিছু তথ্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

দূতাবাস জানায়, বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও নীতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বাংলাদেশের নির্বাচিত সরকারের সুশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে দুই দেশের জনগণের কল্যাণে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়।

এর আগে মঙ্গলবার ঢাকার মিরপুর-১০ নম্বর আদর্শ বিদ্যালয়ের মাঠে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও মেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এটিকে চীন ও দলটির যৌথ উদ্যোগ হিসেবে উল্লেখ করা হলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি হয়। পরে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে চীনা দূতাবাস।

Post a Comment

0 Comments