টঙ্গীর হাজীর মাজার বস্তিতে মধ্যরাতে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, আটক ১৫

সিবি ডেক্স: গাজীপুরের টঙ্গীর আলোচিত হাজীর মাজার বস্তি এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

রোববার (১৫ মার্চ) রাত পৌনে ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদারের নেতৃত্বে এ যৌথ অভিযান শুরু হয়।

অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বস্তির বিভিন্ন গলি, বাসাবাড়ি ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালান। অভিযান চলাকালে প্রায় ১৫ জনকে আটক করা হয়েছে বলে স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, হাজীর মাজার বস্তি দীর্ঘদিন ধরে দেশের অন্যতম বড় মাদক কেনাবেচার কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে প্রতিদিন বিপুল পরিমাণ মাদকদ্রব্য কেনাবেচা হয় বলে ধারণা করা হয়। হেরোইন, গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্যের বেচাকেনা চলে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, এই বস্তিকে ঘিরে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এখান থেকে গাজীপুর, টঙ্গীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করা হয় বলে ধারণা করা হয়। এ কারণে এলাকাটিকে অনেকেই মাদকের পাইকারি বাজার হিসেবেও উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এলাকায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদন লেখা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Post a Comment

0 Comments