ঈদে দুর্ঘটনা কমাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা

সিবি ডেক্স: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনা কমাতে সতর্কতামূলক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে চালকদের আগাম সতর্ক করতে লাল পতাকা স্থাপন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলমের দিকনির্দেশনায় এবং বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সরকারি পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথুয়াইনু চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে একটি টিম চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের অতি ঝুঁকিপূর্ণ ৯টি বাঁকে এ সতর্কতামূলক চিহ্ন স্থাপন করে।

বিআরটিএ সূত্র জানায়, প্রতিটি বাঁকে সারিবদ্ধভাবে পাঁচটি করে উভয়মুখী মোট ১০টি লাল পতাকা স্থাপন করা হয়েছে। এভাবে ৯টি বাঁকে সর্বমোট ৯০টি লাল পতাকা বসানো হয়েছে, যাতে দূর থেকে চালকেরা বাঁকের ঝুঁকি সম্পর্কে সতর্ক হতে পারেন।

যেসব স্থানে লাল পতাকা স্থাপন করা হয়েছে সেগুলো হলো—চুনতির শেষ সীমানায় বন্যপ্রাণী চলাচল অভয়ারণ্য সংলগ্ন বাঁক, লোহাগাড়া–চুনতির জাঙ্গালিয়া বাঁক, চুনতির ডেপুটি বাজারের আগের ও পরের বাঁক, চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন বাঁক, লোহাগাড়া রাজাঘাটা বাঁক, সাতকানিয়ার মিঠা দিঘী সংলগ্ন বাঁক, চন্দনাইশের খানহাট পুকুর সংলগ্ন বাঁক এবং পটিয়ার পাইরুল মাজার সংলগ্ন বাঁক।

বিআরটিএ কর্মকর্তারা জানান, ঈদকে সামনে রেখে বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক যানবাহন কক্সবাজারমুখী হবে। এসব লাল পতাকা ঝুঁকিপূর্ণ বাঁকে চালকদের আগাম সতর্ক করবে এবং দুর্ঘটনা এড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Post a Comment

0 Comments