উত্তরায় উত্তরা স্কয়ারে হামলা-ভাঙচুর, অজ্ঞাত ৭০০ জনের বিরুদ্ধে মামলা

সিবি ডেক্স: রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে মারধরের অভিযোগ ঘিরে ‘উত্তরা স্কয়ার’ শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে অজ্ঞাতপরিচয় ৭০০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্স ঘেরাও করে ভাঙচুর, সড়ক অবরোধ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। মামলায় অজ্ঞাতপরিচয় প্রায় ৭০০ জনকে আসামি করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

ওসি আরও বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকেও পৃথক একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এন এস নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, রিকশাচালককে মারধর করে শপিংমলের ভেতরে বেঁধে রাখার খবরটি সম্পূর্ণ গুজব।

তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং যারা এতে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। সংঘর্ষের সময় বিক্ষুব্ধদের হামলায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

Post a Comment

0 Comments