মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিএনপি বহু বছর ধরে এই কর্মসূচির পরিকল্পনা করেছে এবং নির্বাচনের আগে জনগণের কাছে এটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। জনগণের ভোটে সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
তারেক রহমান বলেন, বর্তমানে দেশের ১৪টি স্থানে এই কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশের মানুষের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের ক্ষমতায়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সেই লক্ষ্য থেকেই নারীপ্রধান পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে।
অনুষ্ঠানে ল্যাপটপের বাটন চাপ দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি কয়েকজন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের একজন রাশেদা জানান, উদ্বোধনের পরই তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। এছাড়া সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, তারেক রহমানের দীর্ঘদিনের স্বপ্নের প্রকল্প ফ্যামিলি কার্ড আজ বাস্তবায়িত হয়েছে এবং এই কর্মসূচিতে রাজনীতি বা দুর্নীতির কোনো সুযোগ নেই।
0 Comments