কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে হাসনাত আব্দুল্লাহ বেসরকারিভাবে বিজয়ী

সিবি ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম।
ইউএনও রাকিবুল ইসলাম জানান, দেবিদ্বার আসনে মোট ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে এবং সবগুলো কেন্দ্রেই হাসনাত আব্দুল্লাহ বিজয়ী হয়েছেন। সব কেন্দ্রের ফলাফল একত্রিত করার প্রক্রিয়া চললেও ফলাফল বিবরণী পর্যালোচনা করে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এই আসনে হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী ছিলেন গণঅধিকার পরিষদের মনোনীত ও বিএনপির সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন। তিনি বিকেল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন।
দেবিদ্বার আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

Post a Comment

0 Comments